সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লোকসংগীত শিল্পী লাইলী আক্তারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাঁকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এবং তাঁর জরাজীর্ণ বসতবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।
২৭ মে বুধবার দুপুরে জেলা প্রশাসকের বাংলোবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলী আক্তারের হাতে সহায়তার অর্থ তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসাইন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুসমিতা সাহা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, লাইলী আক্তার জেলার গর্ব। তাঁর কণ্ঠে গ্রামীণ সংস্কৃতির আবেগ ও ঐতিহ্য ফুটে উঠেছে, যা ইতোমধ্যে মানুষের হৃদয় ছুঁয়েছে। তিনি বলেন, একজন শিল্পীর জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।
তিনি আরও জানান, লাইলীর বসতবাড়ি অত্যন্ত জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এছাড়া বিষয়টি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং ঈদের পর সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত লাইলী আক্তার বলেন, তিনি কখনো ভাবেননি তাঁর গান এত মানুষের ভালোবাসা পাবে। জেলা প্রশাসনের এ সহায়তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।