মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী লাবিব ওয়াদি সোপান (২৩) ও আজওয়াত তওসিফ (২৪)।
এর মধ্যে লাবিব ওয়াদি সোপান মুন্সীগঞ্জের বাসিন্দা এবং তিনি মো. মোস্তাকুর রহমানের ছেলে। অপরদিকে আজওয়াত তওসিফ ঢাকার বাসিন্দা এবং তিনি অবসরপ্রাপ্ত মেজর খান মোহাম্মদ ফজলে মুকিতের ছেলে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন। পরে তাদের মধ্যে ৬ থেকে ৭ জন পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। এ সময় অন্য শিক্ষার্থীরা পুকুরপাড়ে অবস্থান করছিলেন।
একপর্যায়ে লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তাদের বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়ার পর দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের একজনের পরিবার ঢাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।