সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত রাখা হবে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের পূর্ববর্তী পদ এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।
যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে। একইসঙ্গে অফিস আদেশে উল্লেখ করা হয়, কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।
আরেকটি পৃথক আদেশে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখও ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এর একদিন আগে, ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেছিলেন। রাজধানীর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল।