ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২ অক্টোবর শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির জাহিদ রহমান। সহসভাপতি হয়েছেন দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অনলাইন সিএনএস ডটকমের সিনিয়র রিপোর্টার মাসুদ রানা।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক পদে একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এনটিভির ইয়াসির আরাফাত (কুশল) নির্বাচিত হয়েছেন।
তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আজকের দৈনিকের মো. আবুল কাশেম, কল্যাণ সম্পাদক পদে চ্যানেল এসের মিঠুন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক পদে দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর.কমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী এবং দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয়। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে ঢাকা সাংবাদিক ফোরামকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পীর ইয়ামেনী রেস্টুরেন্টে ঢাকার স্থানীয় সাংবাদিকদের সংগঠন হিসেবে ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ) আত্মপ্রকাশ করে।
