রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সেদিন ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিল। ওই কেন্দ্রের ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় কক্ষগুলো অন্ধকার ছিল, ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় সমস্যায় পড়ে।
পরে কেন্দ্র কর্তৃপক্ষ বাধ্য হয়ে বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার ব্যবস্থা করে। মোমবাতির কম আলোতে দীর্ঘ সময় পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী চোখের সমস্যা ও ভোগান্তিতে পড়ে।
কেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা থাকলেও পল্লী বিদ্যুৎ তা নিশ্চিত করতে পারেনি।
তিনি জানান, বারবার জানানো হলেও কোনো সমাধান হয়নি। এর মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয়, তাই বাধ্য হয়ে মোমবাতির ব্যবস্থা করতে হয়েছে।
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, কেন্দ্রটি রংপুর গ্রিডের একটি লাইনের সঙ্গে যুক্ত, যা পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে বিকল্প লাইনের মাধ্যমে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।
এমন গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ সমস্যার কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।