পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ করা হয়েছে।
সেদিন চাঁদ দেখা গেলে পরদিন বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সোমবার (১৬ মার্চ) দেওয়া এক বিবৃতিতে আদালত জানায়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার রমজানের ২৯ তারিখ। এদিন কেউ খালি চোখে বা দূরবীনের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেলে, তাকে দ্রুত নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং নিজ নিজ এলাকার চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত থাকেন।
চাঁদ দেখার তথ্যের ভিত্তিতেই আদালত ঈদুল ফিতর শুরুর চূড়ান্ত ঘোষণা দেবে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় সৌদির বিভিন্ন উঁচু স্থানে চাঁদ দেখা কমিটির সদস্যরা অবস্থান নেবেন। সেদিন চাঁদ দেখা গেলে রমজান মাস ২৯ দিনে শেষ হবে এবং বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে।
আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।