সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮)কে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে ডাকাতি কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।