ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। ৮ মার্চ রোববার দেশটির পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে আটক করে।
পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওসমান হাদি। এরপর ঘটনাটি ঘিরে বাংলাদেশজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। হাদির স্মরণে রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছিল। তাকে চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। এই গ্রেপ্তারকে বড় সাফল্য হিসেবে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।