নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় জনতার গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৬) নিহত হয়েছেন।
এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
রোববার (৮ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে ছিনতাইকারী দলের দুই সদস্য দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনতার হাতে ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাবাসীর ক্ষোভের মুখে
ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুইছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।