পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে এই র্যাংক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) প্রজ্ঞাপন জারি করেছে।
আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তিনি প্রথমবার চাকরিচ্যুত হন এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে তিনি সুপার নিউমারারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।