বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের পুনঃতফসিল ঘোষণা করে ১৪ এপ্রিলের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তফসিল খুব দ্রুতই ঘোষণা করা হবে।
২২ ফেব্রুয়ারি রোববার নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনের সংসদ সদস্য হতে পারবেন না।
আইনি বাধ্যবাধকতার কারণে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, কোনো আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এখন আইন মোতাবেক নতুন তফসিল ঘোষণার মাধ্যমে ভোট গ্রহণ হবে।
স্বস্তির বিষয় হলো, পূর্বে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না। শুধুমাত্র নতুন প্রার্থীদের জন্য তফসিলের সুযোগ রাখা হবে।