বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ বিভিন্ন সিন্ডিকেটের চাপে অতিষ্ঠ। এ অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে সরকার আন্তরিক উদ্যোগ নিলে জামায়াত সহযোগিতা করবে। দেশের সার্বিক বিশৃঙ্খলা দূর করা এবং জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়ন করাকে তিনি সবার দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, পুরো জাতি কার্যত ‘জুলাইয়ে যুদ্ধ’ করেছে। সংসদ যদি সেই অবদান স্মরণ রেখে পরিচালিত হয়, তাহলে তা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তবে জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করা হলে ভবিষ্যতে একই পরিস্থিতি আবার তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং সংসদের কার্যক্রম শুরুর আগেই তাদের স্মরণ করেন। অতীতে বৈষম্য ও ক্ষমতা হস্তান্তরের জটিলতার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল উল্লেখ করে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত করুক বা না-ই করুক, বিরোধী দল হিসেবে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।
গণতন্ত্র প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠেনি। তবে সরকার ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। চ্যালেঞ্জ থাকলেও আন্তরিকতা থাকলে সফল হওয়া সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।