আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।
তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন, যার মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন অভ্যন্তরীণ ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন। ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ব্যালট ডাক বাক্স বা পোস্ট অফিসে জমা দিয়েছেন, যার মধ্যে ২৭ হাজার ৩৬৭টি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন।