আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিরুল ইসলাম খান আলিমের পক্ষে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ৬নং বড়ধুল ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিণী মোছা. শাহানাজ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক বড়ধুল ইউনিয়ন বিএনপি আয়নাল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি থানা বিএনপি মো. মোশারফ আকন্দ, বড়ধুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন শেখ এবং ভারপ্রাপ্ত সভাপতি কছির উদ্দিন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মো. আমিরুল ইসলাম খান আলিম নির্বাচিত হলে বড়ধুল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ভাঙনপ্রবণ এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর সমাধানে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ সময় নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। পথসভাটি আয়োজন করে ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির ৫ ও ৬নং ওয়ার্ড শাখা।