সিরাজগঞ্জ জেলার ইসলামীয়া কলেজ মাঠ প্রাঙ্গণে ২৪ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের জনসভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় আমীর ডঃ মোঃ শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করেন মোঃ শাহিনুর রহমান, আমীর, সিরাজগঞ্জ জেলা শাখা।
ডঃ শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “বিগত দিনে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, জামায়াত ক্ষমতায় এলে এমন আর হবে না। দেশে কোনো দুর্নীতি বা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না।” তিনি আরও জানান, তাঁত শিল্পের উন্নয়ন, দুধের মিল কারখানা স্থাপন এবং অনলাইন ভিত্তিক টেন্ডার সিস্টেম চালু করা হবে। বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সিরাজগঞ্জবাসীর জন্য উন্নতমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
জনসভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম তিন, যিনি বলেন, “দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না; আল্লাহর আইনের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। জনগণকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের মনোনীত সংসদ প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ, এবং সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের এনসিপি মনোনীত প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ।
বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ মার্কায় হোক। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা মার্কা গুরুত্বপূর্ণ।”
জনসভায় সাংবাদিকবৃন্দ, পুলিশ প্রশাসন এবং জেলার সকল জামায়াত নেতাকর্মী উপস্থিত ছিলেন।