সাভারে বায়ুদূষণকারী অবৈধ সিসা এবং পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ভাকুর্তা ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাঁচটি পাইরোলাইসিস কারখানা ভাঙচুর করা হয়েছে এবং একটি অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভাঙচুর করা পাইরোলাইসিস কারখানার মধ্যে রয়েছে মোহাম্মদ সেলিমের টায়ার পাইরোলাইসিস, একতা টায়ার পাইরোলাইসিস, সারা টায়ার পাইরোলাইসিস, রায়হান টায়ার পাইরোলাইসিস এবং ইলিয়াস মহাজনের টায়ার পাইরোলাইসিস।
এছাড়া একই ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার সিলিকন ব্যাটারি লিমিটেড নামক কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বায়ুদূষণকারী ও অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বায়ুদূষণকারী অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একইভাবে অভিযান অব্যাহত থাকবে।
দিনব্যাপী পরিচালিত এই এনফোর্সমেন্ট কার্যক্রমে বাংলাদেশ পুলিশ ও র্যাব-৪-এর একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করেছে।