আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টায় মিজমিজি হাজী আঃ সামাদ আলিম ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় জামায়াতে ইসলামী, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংযম, দায়িত্বশীলতা এবং প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও দলিল লেখক মোঃ ইকবাল হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আমি ২৭টি মামলার আসামি ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি, বহুবার কারাবরণ করেছি। তবুও আমি বিশ্বাস করি—গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সংঘাত নয়, বরং সংলাপ ও সহাবস্থানের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এ জন্য তিনি সকল রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়াও সভায় বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ রাজামিয়া মোঃ ইব্রাহিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাকে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনকে ঘিরে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।