ঢাকাWednesday , 24 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের কথা জানালেন প্রশাসন ও পুলিশ

ডেস্ক রিপোর্ট
December 24, 2025 9:20 am
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মাঠপর্যায়ের নানা সমস্যা ও চ্যালেঞ্জের কথা নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। মঙ্গলবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এসব বিষয় তুলে ধরেন। কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও টাকা প্রবেশ করছে, সন্ত্রাসীরা অপরাধ করে সীমান্ত পার হয়ে পালিয়ে যাচ্ছে। নির্বাচনে ভোটার উপস্থিতি কমাতে অর্থের অপব্যবহার হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

#New_Classic_Event_Management

বৈঠকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে নির্বাচনি পরিবেশ অশান্ত করার চেষ্টা হতে পারে। অনেক সময় সন্ত্রাসীরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে অপরাধ করতে পারে বলেও কর্মকর্তারা ইসিকে জানান। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তারা নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা চান।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনে আইনের শাসন কী, তা দেশবাসীকে দেখিয়ে দিতে চায় কমিশন। তিনি বলেন, কর্মকর্তাদের বক্তব্য শুনে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সবাইকে সাহসের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।


মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানান, তারা ‘ঐতিহাসিক মডেল নির্বাচন’ উপহার দিতে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনও আশ্বস্ত করে বলে, আইনানুগ কাজ করলে কমিশন সব সময় মাঠ কর্মকর্তাদের পাশে থাকবে। যে কোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করতে হবে এবং সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দুই ধাপে এই বৈঠক আয়োজন করা হয়। এতে মাঠ প্রশাসন, পুলিশ ও ইসির মোট ২২৬ জন কর্মকর্তা অংশ নেন। বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের চলাচল নজরদারি, জেলখানায় মোবাইল ফোন ব্যবহার বন্ধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কনটেন্ট নিয়ন্ত্রণ এবং নির্বাচনের সময় অর্থ লেনদেন নজরদারির মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরেন। কেউ কেউ এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও নিয়ন্ত্রণে স্পষ্ট সিদ্ধান্ত চান।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সব ধরনের সক্ষমতা কাজে লাগিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। তবে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, রাস্তা ও মহাসড়ক অবরোধসহ যেকোনো অস্থিরতা বন্ধ করার সময় এসেছে।

সাবেক ও বর্তমান কর্মকর্তারা আরও বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত নেতিবাচক প্রচার ভোটারদের মধ্যে ভীতি তৈরি করতে পারে, যার প্রভাব ভোটার উপস্থিতিতে পড়তে পারে। তাই বাস্তব পরিস্থিতি তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তারা।

বৈঠকের শেষে সিইসি বলেন, এই নির্বাচন ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে—এমনটা হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই কমিশনের লক্ষ্য। কোনো ধরনের ‘ম্যানেজড নির্বাচন’-এর অভিযোগ যেন না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

সিইসি আরও বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। সাহসী ও আইনসম্মত সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের পূর্ণ সমর্থন দেবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি