ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকলে পুলিশের কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা। নির্বাচনের আগে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন। এছাড়া সুষ্ঠু ভোটের জন্য বিভিন্ন প্রস্তাবও রেখেছেন তারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে এই দাবির কথা তুলে ধরেন এসপিরা।
পুলিশ সুপাররা বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধার করি। আমাদের যানবাহনের অভাব রয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় জনবল বাড়ানো প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। নির্বাচনের দিনে অসুস্থ বা প্রতিবন্ধী ভোটারদের সহায়তার জন্য পুলিশের প্রয়োজন হয়। এ কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার সুপারিশ করেছেন তারা।
তাদের আরও বক্তব্য, আগের নির্বাচনের তুলনায় বাজেট কম ছিল, যা বৈষম্য সৃষ্টি করেছিল। এবার বাজেট বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো এবং পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন।
সম্মেলনে জেলা প্রশাসকরা বলেন, মাঠে এখনও বৈধ অস্ত্র আছে, দ্রুত সেগুলো উদ্ধার করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। এছাড়া এআই ও অপতথ্য প্রচার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। আইন প্রয়োগের বাইরে কোনো কাজ করতে রাজি নন। কিছু উপজেলায় গাড়ি পুড়ে গেছে, সেসব এলাকায় গাড়ির ব্যবস্থা জরুরি। গণভোট প্রচারের সময় বাড়ানো এবং সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন ডিসিরা।
সূত্র: যুগান্তর