নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব মধ্যপাড়া এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬নং ওয়ার্ডের বাগডোব মধ্যপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের সামনেই এই মাহফিল আয়োজন করা হয়। স্থানীয় সাধারণ জনগণের সহযোগিতায় ও বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক হোসেন বলেন, “আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করে তুলুন। দেশ ও দেশের মানুষের সেবা করার সুযোগ দিন। আমরা নির্বাচিত হলে আগামীতে এই গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ কাজ করে যাবো।”
বিশেষ অতিথির বক্তব্যে বাগডোগ বাজার কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ লিটন পারভেজ বিগত সরকারের সময়ের কষ্টের কথা স্মরণ করে বলেন, “আপনারা জানেন, দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্টদের অত্যাচারে আমরা এলাকাছাড়া ছিলাম। অনেক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য আমরা লড়াই চালিয়ে গেছি। আমাকে আপনাদের সন্তান ও ছোট ভাই হিসেবে পাশে থেকে কাজ করার সুযোগ দিন।”
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির ক্যাশিয়ার মোঃ হাফিজুর রহমান। তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা ও শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া চান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডা. শাহিন আলম, মো. আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ।
সবশেষে বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান হাদির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।