উত্তর ইথিওপিয়ার হাইলি গুব্বি নামের আগ্নেয়গিরিতে প্রায় ১২ হাজার বছর পর হঠাৎ অগ্ন্যুৎপাত হয়েছে। রবিবার সকালে কয়েক ঘণ্টা চলা এই অগ্ন্যুৎপাতের সময় ছাইয়ের মেঘ লাল সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ছড়িয়ে যায়।
এই আগ্নেয়গিরি আফার অঞ্চলে, আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। অগ্ন্যুৎপাতের পর কাছাকাছি আফদেরা গ্রামের ঘরবাড়ি ঘন ছাইয়ে ঢেকে গেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি।
ফ্রান্সের টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টারের (ভিএএসি) তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাত থেকে ছাই ও ধোঁয়া প্রায় ১৪ কিলোমিটার উচ্চতায় উঠে গেছে। এর ফলে ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আহমেদ আবদেলা জানিয়েছেন, “হঠাৎ মনে হলো যেন বড় কোনো বিস্ফোরণ হয়েছে।”
ছাইয়ের কারণে ভারতের অনেক ফ্লাইট সোমবার বাতিল করা হয়েছে। বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আকাসা এয়ার, ইন্ডিগো এবং কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের মতো সংস্থা কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এছাড়া ডানাকিল মরুভূমির দিকে যাওয়া অনেক পর্যটক আফদেরায় ছাইয়ের কারণে আটকে পড়েছেন।
স্থানীয় প্রশাসক মোহাম্মদ সাঈদ জানিয়েছেন, কোনো মানুষ বা প্রাণীর মৃত্যু হয়নি, তবে অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। তিনি বলেন, “মানুষ বা পশু মারা যায়নি। কিন্তু অনেক গ্রাম ছাইয়ে ঢেকে গেছে, ফলে গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।”
এই আগ্নেয়গিরি রিফট ভ্যালির ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় এলাকায় অবস্থিত, যেখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানায়, হাইলি গুব্বি আগ্নেয়গিরির বর্তমান ভূতাত্ত্বিক যুগ হলোকিনে (প্রায় ১২,০০০ বছর আগে) কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড ছিল না।