নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর মক ভোট আয়োজন করা হবে। তিনি আরও বলেন, প্রবাসীরা জাতীয় নির্বাচনের মতোই গণভোটেও পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশ নিতে পারবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, ২৯ নভেম্বর কমিশনে মক ভোটিং হবে। এতে বোঝা যাবে ভোট আয়োজনের জন্য আর কী প্রস্তুতি দরকার। নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামও পর্যাপ্ত আছে এবং এগুলো আগেই বিতরণ করা হবে, যাতে শেষ মুহূর্তে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
তিনি আরও জানান, ভোটার তালিকার খসড়া যাচাই চলছে এবং ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি হবে। ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কি না সেটিও পর্যালোচনা করা হচ্ছে।
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোট আইন অধ্যাদেশ আগামী এক–দুই দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে অধ্যাদেশটি অনুমোদন দিয়েছে। গণভোটে একটি প্রশ্ন থাকবে, আর তার ভিত্তিতে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।
তিনি আরও জানান, গণভোটের ব্যালট হবে আলাদা রঙের। কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট না হলেও যদি সেখানে গণভোটের ভোটগ্রহণ সম্ভব হয়, তাহলে কমিশন তা বিবেচনায় নেবে। জাতীয় নির্বাচনের সময়সূচির সঙ্গেই গণভোট অনুষ্ঠিত হবে।