আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা ও আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের মানুষের আস্থাকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (১৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিইসি জানান, সব রাজনৈতিক দলই জাতির সামনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কমিশন আশা করে—দলগুলো তাদের ঘোষণা অনুযায়ী বিধি মেনে চলবে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, আর এর মূলভিত্তি হচ্ছে আচরণবিধির যথাযথ প্রয়োগ।
সিইসি উল্লেখ করেন, ভোটারদের কেন্দ্র পর্যন্ত আনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা নির্বাচনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তাই একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের সহযোগিতা প্রয়োজন।