জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অপরটি অক্ষত অবস্থায় পড়ে থাকে।
ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পূর্ব থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। পরে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, “হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দলীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে হামলাকারীদের একজনকে ধরে ফেলে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।