সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণ প্রজন্ম একাত্তরের শহীদদের আদর্শের উত্তরসূরি। ২০২৪ সালে তারা দেশের গতিপথ পরিবর্তনের ভূমিকা রেখেছে।
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারক প্রকাশ ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শারমীন এস মুরশিদ বলেন, সাম্য এক ধরনের দর্শন, যা মানবিক মর্যাদা ও আলোকিত সমাজ প্রতিষ্ঠার মূলভিত্তি। ১৯৭১ ও ২০২৪— উভয় প্রজন্মই সেই সাম্যের স্বপ্নে অনুপ্রাণিত ছিল। সাম্যের সমাজ ও গণতন্ত্রের কাঠামো গঠনের প্রয়াসে ‘জুলাই আত্মদান’-এর চেতনাকে আমাদের বারবার স্মরণ করতে হবে।
শহীদ সন্তানদের স্মৃতিচারণ করে তিনি বলেন, তোমরা বেঁচে আছো কোটি মানুষের হৃদয়ে। বৈষম্যহীন, ন্যায়ের সমাজ গঠনে সাংবাদিক, রাজনৈতিক সংগঠন ও তরুণ সমাজসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, সাংবাদিকরাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক। জাতির বিবেক হিসেবে তারাই আগামীর বাংলাদেশ নির্মাণের পেছনে শক্ত ভূমিকা রাখতে পারেন। লেখনির শক্তিতে দেশকে এগিয়ে নিতে হবে, যাতে শহীদ সাংবাদিকদের আত্মত্যাগ বৃথা না যায়।