ভোলা জেলায় একই দিনে সংঘটিত হয়েছে একাধিক মর্মান্তিক ঘটনা। ইমাম খুন, দুই শিশুর করুণ মৃত্যু এবং নদীতে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাওলানা নোমানীর জানাজায় হাজারো মুসল্লির অংশগ্রহণে বিরল দৃশ্যের সৃষ্টি হয়। জানাজা শেষে এলাকাবাসী ও মুসল্লিরা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর সোমবার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সকাল ১১টায় ভোলা হাটখোলা মসজিদ চত্বরে শোক র্যালি, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।
৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না এলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে, শনিবার সকালে তজুমদ্দিন উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে মুনতাহা ও মনিফা নামে দুই শিশুর মৃত্যু হয়। শোকাহত পরিবার ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এছাড়া বিকেলে তজুমদ্দিনের মেঘনা নদী থেকে নৌ পুলিশ অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।
একই দিনে একের পর এক এমন হৃদয়বিদারক ঘটনায় ভোলার জনমনে নেমে এসেছে শোক ও আতঙ্ক।
ভোলা সদর থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।