বাগেরহাটের মোংলায় ওয়ারেন্টভুক্ত, পলাতক আসামি ওমর ফিরোজ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকালে মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। সে মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাষ্টার পদে কর্মরত।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গত ১৩ এপ্রিল আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন নারী ও শিশু নির্যাতন আইনে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরায়ানা জারি করে হলে আসামি ওমর ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন জানান, ২০১২ সালে তাদের বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করত। এক পর্যায়ে তার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে ওমর ফিরোজকে চাকরি নিয়ে দেন। এরপরও সে তাকে নির্যাতন করতে থাকে।
তিনি আরও জানান, নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৩ এপ্রিল তার বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ এ মামলা দায়ের করেন।