ঢাকার দোহার উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. শরীফা বিনতে আজিজ আঁখি (২৮) নামে এক তরুণ ডাক্তারের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট থাকা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. শরীফা বিনতে আজিজ আঁখি দোহার উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া নিবাসী, দোহার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ভূঁইয়ার কন্যা। তিনি এফসিপিএস দ্বিতীয় পার্টেও শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক দিন যাবৎ ডা. শরীফা বিনতে আজিজ আঁখি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়ী দোহার উপজেলা উত্তর জয়পাড়া চৌধুরীপাড়ার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু রক্তের প্লাটিলেট সংখ্যা কমতে থাকলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় তাকে আইসিইউতে নেয়া হয়। শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট থাকা চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার জানাযা নামাজ শুক্রবার বাদ জুমা উপজেলার জয়পাড়া কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দুই ভাই বোনের মধ্যে শরীফাই বড় ছিল। শরীফা বিনতে আজিজ আঁখি ২০১১ সালে দোহার উপজেলার বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি এবং ২০১৮ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত মুক্তি ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন।