ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এর অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে বিভিন্ন তারিখে ক্যাম্প করা হবে। ঐ নিদির্ষ্ট দিনে আপনার ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিস নেয়া হবে। যাতে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ অন্যায় সুবিধা নিতে না পারে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের আইডিইএ’র প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান।
এ ছাড়াও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দোহার সার্কেলের সিনিয়র এএসপি মোঃ আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ আর অনেকে।