ঘাস চুরি ঠেকাতে গিয়ে লাশ হলেন হাসিম আলী (৬৫) নামে এক কৃষক। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মাহতাবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসিম আলী (৬৫) উপজেলার কৈলাইল ইউনিয়নের মাহাতাবপুর এলাকার মৃত তজুমদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ আরও জানায়, হাসিমের নিজস্ব কোন জমি না থাকায় তিনি সৌদি প্রবাসী জহিরের জমি বর্গা নিয়ে চাষ করেন। কিন্তু গত দুই মাস যাবৎ ওই জমিতে কে বা কাহারা ঘাস চুরি করে নিয়ে যায়। হাসিম তার জমিতে ঘাস চুরি ঠেকাতে রোববার রাত আনুমানিক ১ টার দিকে তার জমি দেখতে মাহাতাবপুর চকে আসেন। কিন্তু তিনি আর বাড়িতে ফিরে যাননি। সকালে স্থানীয় লোকজন চকে আসলে শিয়ালে মানুষ খাচ্ছে এমন একটি লাশ দেখতে পান। পরে তারা হাসিমের মরদেহ শনাক্ত করে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে জানিতে চাইলে দোহার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ডিএন বাংলা টিভি-কে বলেন, আমরা সকালে হত্যাকাণ্ডের ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে লাশের সুরতহাল শেষ করা হয়। পরে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়। তারাও এসে লাশের সুরতহাল করেন।
তিনি বলেন, ঘাস চুরি ঠেকাতে এসে এমন নৃশংস হত্যার শিকার হয়েছেন হাসিম আলী। এ ঘটনায় থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আশা করছি দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।