দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় বেড়েছে শীত। তবে, এরমধ্যেই দেখা দিয়েছে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এতে করে সারা দেশে জেঁকে বসবে শীতের অনুভূতি। এছাড়া জানুয়ারির শুরুর দিকেই আসতে পারে শৈত্যপ্রবাহ।
এ বিষয়ে আবহাওয়াবিদ কে এইচ হাফিজুর রহমান জানান, আপাতত শৈত্য প্রবাহের আশঙ্কা্ না থাকলেও জানুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাসে জানা গেছে।
তিনি আরও বলেন, সাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটি অগ্রগসর হবে শ্রীলঙ্কা উপকূলের দিকে। এর কোনো প্রভাব পড়বে না দেশে। এছাড়া দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।
এদিকে গত কয়েকদিনে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের তাপমাত্রা একলাফে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমেছে। ঢাকায় গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।