মধ্য কার্তিকেই এসে গেছে শীতের আগমনি বার্তা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পড়তে শুরু করেছে শীত। কোথাও কোথাও ভোরে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। এ যেন শীত এলো বলে।
শীতের আগমনের বার্তা দিচ্ছে আবহাওয়া অফিসও। সংস্থাটি বলছে, আগামী ৫ দিনের মধ্যে কমে আসতে পারে সারাদেশের তাপমাত্রা। তাছাড়া ভোরে কিছু কিছু এলাকা, বিশেষ করে নদীবেষ্টিত এলাকাগুলোতে কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এটি শীতের আগমনি বার্তা কিনা জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মানোয়ার হোসাইন বাংলাভিশনকে, হ্যা এটাকে শীতের আগমনি বার্তা বলা যেতেই পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে পৌঁছেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি ছিল। আজ ছিল ১৬.১ ডিগ্রি। তার মানে তাপমাত্রা ধিরে ধিরে কমছে।
তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়বে এবং দুদিন খুব একটা পরিবর্তন হবে না। তারপর তাপমাত্রা ধিরে ধিরে কমে আসবে বলেও জানান এই আবহাওয়াবিদ।