জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ানো হলো বাস ভাড়া। সব মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। আর দূরপাল্লার বাসে বেড়েছে ৪০ পয়সা। রাজধানীর বনানীতে সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ সংক্রান্ত বৈঠকে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। আগামীকাল থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।
বিআরটি এর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা।
এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। রো্ববার থেকেই কার্যকর হবে নতুন ভাড়া। বৈঠকে জানানো হয়, নতুন এই ভাড়া মনিটরিং করবে বিআরটিএ -পরিবহন মালিকরা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং পরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিনিধি বৈঠকে উপস্থিতি ছিলেন।
এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে সর্বশেষ দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল এবং মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।