হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার শিবপাশা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই শিবপাশা বাজারের খান বাহাদুর ওয়াকফ এস্টেটের জায়গায় ইজিবাইকের স্ট্যান্ড গড়তে চাচ্ছিলেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে তারা জায়গাটি দখলে নিতে যান। এসময় ওয়াকফ এস্টেটের দায়িত্বে থাকা একই এ লাকার লুৎফুর রহমান ও লিটন মিয়া এতে বাধা দেন। এ নিয়ে তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।