দক্ষিণ সুদানের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে সাত সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ছয় দিনের রষ্ট্রীয় সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছে।
সফররত প্রতিনিধি দলটি আজ মঙ্গলবার সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সকল প্রিন্সিপাল স্টাফ অফিসারদের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সেখানে প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ব্রিফিং করা হয়। আলোচনায় দু’ দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহের ওপর আলোকপাত করা হয়।
প্রতিনিধি দলটি বিশ্ব-শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে এবং দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহের স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড ও সে দেশের বিভিন্ন অবকাঠামো গত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসার পাশাপাশি তা থেকে শিক্ষা নিয়ে নিজের দেশে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণ সুদান এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এরপর সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে সুদানের প্রতিনিধি দলটি তাঁদের সম্মানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ নেন। এতে সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সচিবরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।