ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।
বুধবার(৪ আগস্ট) সরকার ঘোষিত কঠোর লকডাউনে সকাল থেকে বিকেল পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি সরকার ঘোষিত সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার জয়পাড়া আয়োজন মোড়, থানার মোড় ও মেঘুলা বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে দোকানপাট ও গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ী ও কয়েকজন ক্রেতাসহ ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেন। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম ফিরোজ মাহমুদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল সহ দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।
দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।