ঢাকাMonday , 9 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের আশ্বাসেও কমছে না তেলের বাজারের উদ্বেগ

Link Copied!

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ বক্তব্যের পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে হরমুজ প্রণালির কাছাকাছি জাহাজে হামলার ঘটনায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি।

#New_Classic_Event_Management

সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ সেন্ট বেড়ে ৯৮ ডলার ৩৫ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ ডলার ৩০ সেন্টে লেনদেন হয়।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল। করোনাভাইরাস মহামারি শুরুর পর কোনো এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এত বড় দরপতন আর দেখা যায়নি।


রোববার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে গেলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তার এ বক্তব্যে সংঘাত প্রশমনের বিষয়ে বাজারে কিছুটা আশাবাদ তৈরি হয়েছে।

তবে একই দিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই হরমুজ প্রণালির ভেতরে বা আশপাশে জাহাজে হামলার খবর জানিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতের গবেষণা প্রতিষ্ঠান এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবা বলেন, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হলেও ভূরাজনৈতিক ঝুঁকি এখনো অনেক বেশি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় ধরনের সামরিক অভিযানের কোনো লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে, ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে।

এদিকে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা দাবি করেছে, রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয়ে হামলা চালিয়েছে তারা। হামলায় ভবনটির জানালা ভেঙে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেললেও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখনো বড় উদ্বেগের কারণ। ফলে সংঘাতের ভবিষ্যৎ গতিপথ এবং জ্বালানি সরবরাহের পরিস্থিতির ওপর নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরবর্তী গতিবিধি।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি