পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবে মোস্তফা মাঝি (৪৭) নামে এক জেলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিখোঁজ থাকা তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মাঝি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোস্তফা মাঝিসহ তিনজন জেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, অজ্ঞাতনামা একটি কয়লাবাহী লাইটার জাহাজ বেপরোয়া গতিতে এসে জেলে নৌকাটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা একই গ্রামের রুহুল আমিনের ছেলে শুকুর আমিন (২২) এবং পূর্ব ভিন্নাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সানাউল্লাহ সানি (১৯) সাঁতরে কূলে উঠে প্রাণে রক্ষা পান। তবে নৌকার মাঝি মোস্তফা মাঝি নিখোঁজ হন।
পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ইন্দুরকানী ও গাতার খানের মাঝামাঝি এলাকা থেকে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়।
এলাকার জেলেরা অভিযোগ করে বলেন, সুন্দরবনের নদীপথে প্রায়ই বেপরোয়া গতিতে কয়লাবাহী জাহাজ চলাচল করে। রাত-দিন নৌযান চলাচলের নিয়ম না মানার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় জড়িত জাহাজটি শনাক্ত করে আটক এবং নিহত জেলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।
এ বিষয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
