ঢাকা জেলার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম, এসআই (নিরস্ত্র) হামিদুর রহমান ও এসআই (নিরস্ত্র) ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দোহারের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. খালেদ (৫৪), নারিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন (৪৭), দোহার থানা আওয়ামী লীগের সদস্য আরমান (২২), নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য রায়হান (২৫) এবং দোহার পৌরসভা আওয়ামী লীগের সদস্য আজিজ খান (৪২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খালেদের বাড়ি দোহার থানার শিলাকোঠা এলাকায়। মোশারফ হোসেনের বাড়ি নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকায়। আরমানের বাড়ি উত্তর জয়পাড়া সোনা মিয়ার মাঠ এলাকায়। রায়হানের বাড়ি নবাবগঞ্জ থানার কাঠালীঘাটা এলাকায় এবং আজিজ খানের বাড়ি দোহার পৌরসভার দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা এলাকায়।
পুলিশ আরও জানায়, অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কোনো আলামত উদ্ধার করা হয়নি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ।
