বাগেরহাটের রামপালে জমি-জমা নিয়ে বিরোধ ও সড়কে বৃষ্টির পানি জমা ঠেকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আহাদ আহামেদ ইতু ইসলামাবাদ গ্রামের ফরিদুজ্জামান বয়াতির ছেলে। আহতরা হলেন তাঁর বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইতু, তাঁর বাবা ও মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ আহাদ আহামেদ ইতুকে মৃত ঘোষণা করেন।
আহত ফরিদুজ্জামান বয়াতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী নাজমা বেগম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব আল রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও নিহতের বাবা-মা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
