ঢাকার নবাবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পানালিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরের দিকে পানালিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি সিএনজি ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও তথ্য জানা যায়নি।
