বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাদিনাতুল খায়রী আল ইসলামির চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, রাসূলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি ও মুক্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ বাস্তবায়ন করতে হবে। বর্তমান সমাজে যে অশান্তি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, তার প্রতিকার রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে।
শায়খ ফয়েজ আহমদ আরও বলেন, শুধু মুখে নবীপ্রেমের কথা বললেই হবে না; বরং জীবনের সর্বস্তরে তাঁর আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। ইসলামী অনুশাসন ও নবীজির সুন্নাহ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব।
১২ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের স্পেন শাখার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির আল-মাহদির সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি মাওলানা আজিমুল ইসলাম সেলিমের সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা ইলিয়াস আহমদ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ও মুফতি ইউসুফ হুসাইন আজহারি।
মাহফিলের শেষে দোয়া পরিচালনা করেন স্পেনের তারিক বিন জিয়াদ মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন দেওবন্দী।