রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চারতলা ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।
বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে একই দিন সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় থাকা অ্যাপেক্স শোরুমে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।