অ্যাপ-বাইকে করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের ভিআইপি রোডে। দুর্ঘটনাকে কেন্দ্র করে বুধবার বাগুইআটি মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম রাজা রথি (৬৫)। তিনি নারায়ণতলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে বড়বাজার থেকে অ্যাপ-বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী একটি ট্রাক রাস্তার গার্ডরেল পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই বাইকের পিছনে ধাক্কা মারে। বাইকের পিছনে বসে থাকা রাজা রথি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনায় অ্যাপ-বাইক চালকও গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভিআইপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের দিকে ইট ছোড়ার অভিযোগ ওঠে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে আরও বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে কেষ্টপুর ও বাগুইআটি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।