সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ছাড়াও চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তাঁর চাকরি পরিচালিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অধ্যক্ষ মো. শহীদুল আলম জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের প্রয়াত ইউনূছ আলীর ছেলে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. শহীদুল আলম বলেন, “পরিবার ও আত্মীয়-স্বজনের সার্বিক উৎসাহ ও সহযোগিতায় শিক্ষা জীবন শেষ করে কর্মজীবন অতিবাহিত করছি। আজ আমি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। এই প্রাপ্তি আমি আমার পরিবার এবং জগন্নাথপুরবাসীকে উৎসর্গ করছি। দায়িত্ব সুন্দর ও সফলভাবে পালন করতে সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।”
এদিকে জগন্নাথপুরের সন্তান হিসেবে অধ্যক্ষ শহীদুল আলমের এ নিয়োগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।