বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— আহাত হাওলাদার (২২), তিনি আব্দার হাওলাদারের ছেলে; মনিরা বেগম (৫৫), রশিদ শেখের মেয়ে এবং রাশিদা বেগম (৮৫), মৃত রশিদ শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিবেশী বুলু বেগম ঘরের কাছ থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।