ঢাকার নবাবগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী, দুইজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং পাঁচজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ জুন রাত আনুমানিক ১০টা থেকে ৪ জুন সকাল ৮টা পর্যন্ত নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. কামরুজ্জামান, এসআই (নিঃ) শুভ আহমেদ, এসআই (নিঃ) আ. করিম, এসআই (নিঃ) দেলোয়ার হোসেন এবং এসআই (নিঃ) মোহাম্মদ শফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযানকালে দুইজন কথিত পেশাদার মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম), যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৩১ হাজার ৪০০ টাকা নগদসহ গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে দুইজন জিআর ও পাঁচজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আলাউদ্দিন (২০), ফজল (২৯), রুহুল আমিন ওরফে মো. মামুন, মো. মোসলেম, মুহিল হোসেন, কলিম উদ্দিন, জুলু গাজী, জিসান এবং মো. পনির। তাদের সকলের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।