দোহার উপজেলায় দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় দুটি প্রতিষ্ঠানের ওপর মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো জনসেবা ক্লিনিক ও সমাধান ডায়াগনস্টিক সেন্টার।
বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত এসব ক্লিনিকে এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসফিক সিবগাত উল্লাহ।
তিনি জানান, স্বাস্থ্যসেবার মান ঠিক রাখা এবং জনস্বার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে থাকা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, দুটি প্রতিষ্ঠানেরই বৈধ ট্রেড লাইসেন্স ও অনুমতিপত্র সঙ্গে ছিল না। এ কারণে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য তাদের বলা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাকিবুর হাসান বলেন, জনস্বার্থে এই অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে।
দালালমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।
অভিযানে উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশের টহল দল সহযোগিতা করে।