বাগেরহাটের মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) এবং কল্পনা মন্ডল (৫৫)।
ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ও একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে পরিবারের সাতজন আহত হন বলে অভিযোগ করা হয়।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর বিকেলে ভুক্তভোগী পরিবার লুৎফর ফকির, রজব আলী, ফাহাদ ফকির ও বিধান মন্ডলসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।