ঢাকার দোহারে মায়ের সাথে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার নটাখোলা বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না আক্তার প্রবাসী মো: শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া এবং পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে স্বপ্নার সাথে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়।
এরই জেরে ২৩ জুন মঙ্গলবার সকাল আনুমানিক ০৯:২০ মিনিটে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেয় স্বপ্না।
ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতাল যান এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।